চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৪০ হাজার টাকা বলে জানানো হয়েছে।
শুক্রবার মিরসরাই থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত ৯টা ৫০ মিনিটের দিকে মিরসরাই থানার গেইট এলাকায় চট্টগ্রামমুখী লেনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি হলুদ-নীল রঙের ট্রাক তল্লাশি চালিয়ে পেছন থেকে গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ট্রাকচালক আশরাফ উদ্দিন রাহাতকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফেনী সদর উপজেলার বালিঘর ইউনিয়নের সুন্দরপুর মোল্লাবাড়ি এলাকার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহাত পুলিশকে জানান, তার সঙ্গে থাকা অপর চালক রকিবুল ইসলাম সুজন (৩১) বারৈয়ারহাট এলাকায় পৌঁছে কৌশলে ট্রাক থেকে নেমে যান। পরে তিনি রাহাতকে ট্রাকটি চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যেতে বলেন। এর মধ্যে পুলিশি চেকপোস্টে ট্রাকটি আটক করা হলে মাদক উদ্ধার হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।’


