বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরী শপথ নেবেন রোববার।
ওই দিন সকাল ১০টায় বঙ্গভবনে শপথ হণ অনুষ্ঠিত হবে বলে টাইমস অব বাংলাদেশকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন।
এর আগে, গত মঙ্গলবার দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। পরদিন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শনিবার অবসরে যান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়।
২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি গ্রহণের পর যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেন।
১৯৬১ সালের ১৮ মে তিনি জন্মগ্রহণ করেন। সে হিসাবে ২০২৮ সালের ১৭ মে তার ৬৭ বছর পূর্ণ হবে। সংবিধান অনুযায়ী বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রয়াত বিচারপতি এ এফ এম আবদুর রহমান চৌধুরী ও মা প্রয়াত বেগম সিতারা চৌধুরীর সন্তান।


