বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্য পণ্যের দাম বৃদ্ধির সুযোগ নেই। এক্ষেত্রে নজরদারি বাড়ানোর কথাও বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়। তাই জ্বালানির কারণে যে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গিয়েছে ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদুভাব সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ।’
শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্প পল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে কথা বলেন আব্দুল মুক্তাদির।
আগামীতে নতুন বিনিয়োগকারীদের জ্বালানি নির্ভর ফ্যাক্টরির দিকে না গিয়ে জ্বালানির ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিটিএমসির শিল্প প্লটগুলির মধ্যে দুইটি প্লট নিয়ে শিল্প স্থাপন করা হয়েছে। আরও দুইটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছে। আর বাকি প্লটগুলিতে কিছু স্থানীয় দখল সমস্যা আছে। এই সমস্যাগুলি আগামী দিনে দ্রুত সমাধান করে প্রত্যেকটি শিল্পপ্লটে আমরা বিনিয়োগের ব্যবস্থা করব।’
বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বিটিএমসির চেয়ারম্যান এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাব রক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো। রায়হান কবির, বর্ণালী কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির।
এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা টেক্সটাইল শিল্প পল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা পরিদর্শন করেন। পরে বাকি প্লটগুলোও তারা পরিদর্শন করেন।


