সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ফারমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন খান আলমগীর ও তার স্ত্রী সিতারা আলমগীরের নামে থাকা ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত।
দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে এসব অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজের করা আবেদনের পর এ আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত এসব অ্যাকাউন্টে মোট ছয় কোটি ২৮ লাখ টাকা এবং ১৮৮ দশমিক ৫৭ মার্কিন ডলার রয়েছে।
২০০৯ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ব্যাংকে তারা সন্দেহজনক লেনদেন করেছেন। এ সময়ের মধ্যে তাদের ৩৩টি অ্যাকাউন্টে মোট ৫১ কোটি ২৮ লাখ টাকা ও ছয় হাজার ১৮৮ দশমিক ৫৯ ডলার জমা পড়েছে। যার মধ্যে ৪৪ কোটি ৯৫ লাখ টাকা ও ৬০০০ দশমিক শূন্য ২ ডলার উত্তোলন করা হয়েছে।
দুদক জানায়, অভিযোগ রয়েছে তারা এসব অর্থ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছে। এ জন্য সঠিক তদন্তের স্বার্থে অ্যাকাউন্টগুলো জব্দ করা জরুরি।


