রাজধানীতে গত ১০ মাসে ১৯৮ জন খুন হয়েছেন। এরমধ্যে অক্টোবর মাসে খুন হয়েছেন ১৮জন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার তালেবুর রহমান।
তিনি জানান, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাসহ নানা কারণে এসব হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বেশিরভাগ ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করেছে।
তালেবুর রহমান জানান, সোমবার পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশের অনুসন্ধান চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত জনি নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে ব্যবহার করা অস্ত্র উদ্ধার করা যায়নি।
তিনি আরও জানান, রাজধানীতে যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এজন্য পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে।


