ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল ২৮ ডিসেম্বর থেকে খুলে দেওয়া হবে। ২৯ ডিসেম্বর থেকে সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান।
এ সময় পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রেখে ২৩ ও ২৪ ডিসেম্বর ‘অতিরিক্ত’ ছুটি হিসেবে যুক্ত করার বিষয়টিও অনুমোদন দেয় ঢাবি কর্তৃপক্ষ। ফলে ছুটি শেষে ২৮ ডিসেম্বর থেকে আবাসিক হল ও ক্লাস কার্যক্রম পুনরায় চালু করা হবে।
এ ছাড়া, ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না উল্লেখ করে প্রশাসন জানায়, ঘাটতি কমাতে চলমান অনলাইন ক্লাস ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। স্থগিত হওয়া পরীক্ষা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আবার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সঙ্গে সমন্বয় করে প্রতিটি বিভাগ নতুন সময়সূচি নির্ধারণ করবে।
সভায় ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ, বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটির মূল্যায়ন এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিশ উপস্থাপন করা হয়। কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের পর জরুরি ভিত্তিতে আবাসিক হলগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ ও সংস্কার কাজ চলছে। হল খোলা হলেও কয়েকটিতে সংস্কার কার্যক্রম চলতে পারে।


