বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর এবারের আসরে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডে আয়োজিত মিস ইউনিভার্স ২০২৫ এ ১২১টি দেশের প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেরা সেই সুন্দরীদের মাঝে মেধা, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব দিয়ে এরইমধ্যে বিশ্বের নজর কেড়েছেন মডেল ও অভিনেত্রী মিথিলা।
প্রতিযোগিতার শুরু থেকেই একাধিক ইভেন্টে ঝলমলে পোশাক, অনবদ্য উপস্থিতি ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে তিনি মুগ্ধ করেছেন বিচারক, মিস ইউনিভার্সের বিভিন্ন দেশের পরিচালক ও দর্শকদের।
কাজেই আন্তর্জাতিক বিচারক ও সৌন্দর্য বিশেষজ্ঞদের কাছে ‘বাংলাদেশ’ আর মিথিলা এখন পরিচিত নাম। অনেকেই বলছেন এবারের শিরোপা জয়ের দৌড়ে ভারতের প্রতিযোগীর সঙ্গে একই কাতারে এগিয়ে আছেন মিথিলা।

এর আগে গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এ মুকুট জিতে বিশ্বমঞ্চে ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পান এই জনপ্রিয় মডেল। এরপর অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডে উড়াল দেন তিনি। নভেম্বরের শেষ দিকে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স ২০২৫-এর গ্র্যান্ড ফিনালে বা সবশেষ রাউন্ড।
মিথিলাকে জয়ী করতে বিচারকদের নাম্বারের পাশাপাশি এখন প্রয়োজন দর্শক ভোট। এরইমধ্যে ৭৩ হাজারের বেশি ভোট পেয়েছেন। আর এই অভাবনীয় সাফল্যে আপ্লুত মিথিলা সামাজিকমাধ্যমে তার অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বেশি বেশি ফ্রি ভোট দিয়ে তাকে জেতাতে সহযোগিতার অনুরোধ করেছেন।

মিথিলার পক্ষে সামাজিকমাধ্যমে ভোট চেয়েছেন একাধিক খ্যাতনামা মডেল, অভিনয়শিল্পী, ইনফ্লুয়েন্সারসহ অনেকে।
তানজিয়া জামান মিথিলা দীর্ঘদিন ধরে বাল্যবিয়েবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে আসছেন।
এর আগে ২০২০ সালেও তিনি জাতীয় পর্যায়ে মিস ইউনিভার্স বাংলাদেশের খেতাব জিতেছিলেন। তবে করোনা মহামারীর কারণে সেবার আন্তর্জাতিক আসরে অংশ নিতে পারেননি।


