নির্বাচনকে যারা ভয় পায় ও পতিত শক্তি ফ্যাসিবাদকে যারা ফিরিয়ে আনতে চায় তারাই পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ‘হাসিনাকে তাড়ানোর এ আন্দোলন শুধু জুলাই-আগস্টে না বরং তা ১৫ বছর ধরে চলা আন্দোলন। স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে আসার একমাত্র পথ হচ্ছে নির্বাচন।’
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জাতীয় মুক্তির জন্যে নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির এই নেতা।
এ সময় গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি দেশকে আরেকটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ফ্যাসিবাদের পূনর্বাসনের মাধ্যমে আপনারা জুলাই ঐক্যকে বিনষ্ট করছেন।’
তিনি অন্তর্বর্তী সরকারকে ইলিয়াস আলীসহ গুম হওয়া সব নেতাকর্মীকে শহীদ হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করার আহ্বান করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ‘বিএনপিকে জাতীয় নাগরিক পার্টি জনবিচ্ছিন্ন করতে চাইছে, যা পূর্বে হাসিনা সরকার করত। জাতীয় সংকট একমাত্র জাতীয় নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নূর আফরোজ, শাখাওয়াত মুকুল, লায়ন মো. ফারুক রহমান, মুসাভি আল ফারদিন প্রমুখ।


