বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক আস্থা ও মতভিন্নতা মেনে চলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপে ‘সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ’ আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠন’ শীর্ষক এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
মঈন খান বলেন, ‘একজন নেতার মাধ্যমে চাপিয়ে দিলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। “ইউনিটি ইন ডাইভার্সিটি” বাস্তবায়ন করতে হবে। রাজনৈতিক দলগুলো সবাই সংস্কার নিয়ে একমত হয়ে যাবে এটা ভাবা ভুল। সবাইকে একমতে এনে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারনায় আমরা বিশ্বাস করি না। প্রথাগত পদ্ধতি থেকে আমাদের বের হতে হবে। প্রথাগত ধারণা ও বদ্ধ চিন্তাভাবনা নিয়ে রাজনীতি করলে ৫ আগস্টের মতো পরিণতি আবারও ঘটতে পারে।’
সুষ্ঠু নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দল একমত। ভোটাররা যাকে ভোট দেবেন তারাই জিতবে। এটি নিয়ে বিরোধের কিছু নেই বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে জ্বালানি, খাদ্য, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের নিরাপত্তা নিশ্চিতে করতে হবে। এ সময় রাষ্ট্রের নিরাপত্তার আগে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
বাংলাদেশে এনার্জি খাতে প্রয়োগকৃত ‘ইন্ডেমিনিটি আইন’ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আশা করছি বর্তমান এনার্জি উপদেষ্টা দক্ষতার সঙ্গে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন।’


