রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি। শুধু রাজপথে আসলেই কি সমাধান হবে? বিএনপি সবসময় আলোচনার মধ্য দিয়েই সমাধান খুঁজে আসছে এবং ভবিষ্যতেও সেটির ওপরই জোর দেবে।’

বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল—এ নিয়ে কোনো সংশয় নেই। ৫ আগস্টের পর থেকে বিএনপি কোনো ইস্যুতে রাজপথে নামেনি। আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের চেষ্টা করছে দলটি। আমার বিশ্বাস, আলোচনার মাধ্যমেই সবকিছু শেষ হবে। কারণ, বিএনপি সবসময় শান্তিপূর্ণ সংলাপকে গুরুত্ব দেয়।’

তিনি স্পষ্ট করে জানান, বিএনপি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির পক্ষে নয়। তার মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে পিআরের প্রয়োজন নেই।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ নিয়ে যে আলোচনা চলছে, সেখানে বিএনপি অনেক বিষয়ে একমত হয়েছে। সেসব সামনে আনলে সমাধানের পথ খোঁজা সম্ভব। যেকোনো ব্যবস্থার জন্য জনগণের সমর্থন অপরিহার্য। কারণ, নির্বাচিত পার্লামেন্টই সংবিধান সংশোধন করতে পারে এবং সেখানেই স্থায়ী সমাধান সম্ভব।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপি কখনো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে ছিল না এবং এখনো নয়।’

জাতিসংঘ সফর প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কথা হয়নি। তাই সফরে বিএনপির ভূমিকা কী হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে তিনি আশা প্রকাশ করেন, সেখানে দেশের অবস্থা, গণতন্ত্রের উত্তরণ এবং উন্নয়ন বিষয়গুলো প্রধান আলোচনায় আসবে।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে, সেটা ঐক্যবদ্ধভাবে। আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad