সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি অসাম্প্রদায়িক দল এবং দলটির লক্ষ্য বৈষম্যের মাঝে সাম্যতা প্রতিষ্ঠা করা। রোববার বিকালে পাবনার হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব তিথি ও গঙ্গায় পূর্ণস্নান মহোৎসব অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত সংসদ নির্বাচনে সনাতন সম্প্রদায়ের মানুষ ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছেন। দেশের হাজার বছরের পুরোনো ইতিহাস ও সংস্কৃতি ক্ষমতাচ্যুত সরকার নষ্টের চেষ্টা করেছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ৫১টি দেশের সঙ্গে কূটনৈতিক-সাংস্কৃতিক বন্ধন তৈরি করেছে। তিনি আরও বলেন, পাবনাসহ দেশের সংস্কৃতি সমৃদ্ধ করতে সরকার কাজ করবে এবং বৈচিত্র্যের মাঝেও সংস্কৃতি দিয়ে ঐক্য গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, অনুকূল চন্দ্র ধর্ম, বর্ণ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষকে মর্যাদা দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও কোনো বিভাজন চান না, সবার মাঝে ঐক্য দেখতে চান।
সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি প্রাণশঙ্কর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাসুদ খন্দকার উপস্থিত ছিলেন।


