নিরাপদ সড়ক নিশ্চিতে রাজনীতিতে এসেছি: ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক নিশ্চিতে রাজনীতিতে এসেছি: ইলিয়াস কাঞ্চন
ইলিয়াস কাঞ্চন । ছবি: বায়েজীদ আকতার
Advertisement
Advertisement

নিরাপদ সড়ক নিশ্চিতে রাজনীতিতে এসেছেন অভিনেতা, সামাজিক আন্দোলনকর্মী ইলিয়াস কাঞ্চন। নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ (জেপিবি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমনটাই জানালেন তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে যতটুকু এগিয়েছি, তাতে আশা করছি, রাজনৈতিক দলের মাধ্যমে আমার সততা ও ন্যায় দিয়ে আরো বেশি এগিয়ে যেতে পারব।’

প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘৩২ বছর ধরে নিরাপদ সড়ক চাই আন্দোলন করছি। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় যেসব সরকারকে দেখেছি, তাদের কাছে কোনো ধরনের সহযোগিতা পাইনি। এ কারণে নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে পারিনি। ৩২ বছরে দেশ-বিদেশে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে এটুকু বুঝতে পেরেছি, সরকারের সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সড়কের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। কিন্তু ৩২ বছরে রাজনৈতিক সহযোগিতা পাইনি আমি।’

হতাশা ছড়ায় তার কণ্ঠে, ‘এ কারণে আমার জীবন থেকে যে ৩২ বছর ব্যয় করেছি, সেসব সময় ব্যর্থ হয়েছে।’

‘তবে কিছু সফলতাও এসেছে। সমাজে নিরাপদ সড়কের গুরুত্ব ছড়িয়ে দিতে পেরেছি,’ যোগ করেন ইলিয়াস।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে দেশের মানুষের জন্য কাজ করেছি, এবার রাজনৈতিক দলের মাধ্যমে দেশের মানুষের জন্য সততার সঙ্গে কাজ করতে চাই।’

আরও পড়ুন

‘আপনারা আমাকে সহযোগিতা, উৎসাহিত ও অনুপ্রাণিত করবেন। আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন,’ আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আত্মপ্রকাশ তার নতুন দল ‘জনতা পার্টি বাংলাদেশ’। দলের স্লোগান রাখা হয়েছে ‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’।

এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন। মহাসচিব পদে আছেন জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

১৯৯৩ সালের ২২ অক্টোবর চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ইলিয়াসের স্ত্রী জাহানারা কাঞ্চন। এরপর নিয়মিত অভিনয়ে না করলেও ইলিয়াস নেতৃত্ব দিয়েছেন এফডিসির নানা ক্রিয়ায়। আর টানা ৩২ বছর চালিয়ে গেছেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের রূপরেখা, ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনি প্রস্তুতির বিষয়ে জানান নেতারা। তারা বলেন, স্বাভাবিকভাবেই সড়ক নিরাপত্তা গুরুত্ব পাবে এই রাজনৈতিক দলে।

এরই মধ্যে ‘জনতা পার্টি বাংলাদেশ’ দলের নাম নিয়ে আপত্তি জানিয়ে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ পাঠান ‘জনতার বাংলাদেশ পার্টি’র চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান। তার দাবি, ওই দুই দলের নামে মিল থাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।

একই দিন এ নিয়ে সংবাদ সম্মেলনও করেন তিনি। সবুজ খান জানান, গত ১৩ মার্চ জাতীয় প্রেসক্লাবে আরেক সংবাদ সম্মেলনের তার দল আত্মপ্রকাশ করেছে। আর ২০ এপ্রিল দলটির নিবন্ধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনেও আবেদন করেছেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad