দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিতে ২ হাজার ১৯২ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা।
এটি দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই দর রোববার থেকে কার্যকর হবে।
এর আগে, গত ২৯ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় সেটি দেশের সর্বোচ্চ দরের হিসেবে গণ্য হয়েছিল। তবে এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে নতুন দাম।
নতুন সমন্বয়ের মাধ্যমে প্রতি ভরি স্বর্ণের দাম ২২ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।
চলতি বছর বাজুস দেশীয় বাজারে স্বর্ণের দাম মোট ৬০ বার সমন্বয় করেছে। এর মধ্যে ৪২ বার দাম বৃদ্ধি পেয়েছে এবং ১৮ বার দাম কমানো হয়েছে। গত বছর স্বর্ণের দাম মোট ৬২ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার দাম কমানো হয়েছিল।


