ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি, পর্যবেক্ষণ কার্যক্রম এবং নির্বাচনের পরবর্তী ফলো-আপ প্রক্রিয়াসহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সমান সুযোগ সৃষ্টি থাকা দরকার বলে প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ ও ফলোআপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা।
বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।


