টেকনাফে নির্বাচনী প্রচারের গাড়িতে গুলি, শিশুসহ গুলিবিদ্ধ ৫

টেকনাফে নির্বাচনী প্রচারের গাড়িতে গুলি, শিশুসহ গুলিবিদ্ধ ৫
টেকনাফ মডেল থানা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত একটি গাড়িকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের মধ্যে তিনজন বাংলাদেশি ও দুইজন রোহিঙ্গা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন–আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৭), নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩), স্থানীয় বাংলাদেশি নাগরিক মৃত ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৪৫), আব্দুল জলিলের কন্যা নুসরাত জান্নাত রাফি (১৮ মাস) ও নূর ইসলামের ছেলে শাহাব উদ্দিন (১১)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ডাম্পার ট্রাকে গান-বাজনা ও নাচের আয়োজন চলছিল। গাড়িটি এলাকায় প্রবেশ করলে উৎসুক জনতা চারপাশে ভিড় করে। এ সময় অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা জানায়, বাচ্চা মিয়া আলীখালীর মোহাম্মদ আলীর বাড়ির পাশে একটি বিয়ের অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করছিলেন। এ সময় এলোপাতাড়ি একটি গুলি তার হাতে লাগে। এতে গুরুতর আহত হন তিনি।

আরও পড়ুন

এদিকে রোহিঙ্গা শিশু মোহাম্মদ জিসান রাস্তার পাশে দাঁড়িয়ে নির্বাচনী গাড়ি দেখছিল। শাহাব উদ্দিন বাড়ির সামনে গাড়িটি দেখতে গিয়ে কোমরে গুলিবিদ্ধ হয় সে।

একই সময় সমিরা বেগম তার ১৮ মাস বয়সী মেয়ে নুসরাত জান্নাত রাফিকে কোলে নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়ালে নুসরাতের পিঠে গুলি লাগে। এ ছাড়া আব্দুর রহমান এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাম পায়ে গুলিবিদ্ধ হন।

আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে আলীখালী আইআরসি ও আইওএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা খারাপ হওয়ায় তাদের সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সদর হাসপাতালের সূত্র জানিয়েছে, বাচ্চা মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলির ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্তাধীন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রচারণা ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জনসমাগম ঘটেছিল। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ জনতার ওপর গুলি চালায়। হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad