ঢাকার মিরপুরের ভাষানটেক বস্তিতে আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে বিএনপি।
দলের নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন। একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন ।
বৃহস্পতিবার রাতে ভাষানটেক বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এ সময় ক্ষতিগ্রস্তদের কাছে দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সহমর্মিতার বার্তা দেন তারা।
নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে আগুনে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন তারা।
ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যান্য সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের চিকিৎসক দল এবং স্থানীয় বিএনপি নেতারা।
এদিন রাতেই মিরপুরের ভাষানটেক বস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।


