ডলার কিনে এর দাম স্থিতিশীল রাখার চেষ্টার অংশ হিসেবে সোমবার দেশের ২৬টি ব্যাংক থেকে ৩৫৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে কেবল ইসলামী ব্যাংক থেকেই কেনা হয়েছে ৯০ মিলিয়ন ডলার।
এই বিক্রির ফলে ইসলামী ব্যাংকের ব্যালেন্স শিটে প্রায় ১০ দশমিক ৯৬ বিলিয়ন টাকা যুক্ত হয়েছে।
এছাড়া একই দিন ট্রাস্ট ব্যাংক বিক্রি করেছে ৪০ মিলিয়ন ডলার; ব্যাংক এশিয়া, কৃষি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক ২০ মিলিয়ন ডলার করে বিক্রি করেছে। ঢাকা ব্যাংক, এইচএসবিসি এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে ১৫ মিলিয়ন ডলার করে কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এই ডলার কেনার ফলে সোমবার পর্যন্ত বাংলাদেশের রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৮৮৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
এর আগে মাসের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের বিল পরিশোধের পর রিজার্ভ ৩০ দশমিক ৩১ বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল।
জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলার কিনেছে, যা সাম্প্রতিক বছরগুলোয় ডলার বিক্রির ধারাকে পাল্টে দিয়েছে।


