ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে দেড় হাজার তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরপাড়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এয়াকুব আলী, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, বিভাগের সভাপতি হাফিজুর রহমান, বিভাগের শিক্ষক ও হল প্রভোস্ট এটিএম মিজানুর রহমান এবং সেলিম রেজা। এ ছাড়া বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
জানা যায়, বিভাগের ২০০০-০১ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী মাহফুজুর রহমান এ কর্মসূচির উদ্যোগ নেন। তার অনুদান দেওয়া দেড় হাজার তালবীজকে কেন্দ্র করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা যৌথভাবে বপন কার্যক্রম বাস্তবায়ন করেন।
হাফিজুর রহমান বলেন, ‘বৃক্ষরোপণ তো অনেকেই করে, তবে তালগাছ কিছুটা ব্যতিক্রম। এর পুষ্টিগুণ রয়েছে, বজ্রনিরোধক হিসেবে কাজ করে এবং পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
ভিডিও কলে যুক্ত হয়ে মাহফুজুর রহমান বলেন, ‘এটি একটি সামাজিক উদ্যোগ। আমি তখনই খুশি হব যখন সবাই এই উদ্যোগের প্রয়োজনীয়তা বুঝবে এবং নিজেদের এলাকাতেও তা বাস্তবায়ন করতে চাইবে। বিশেষ করে এখন বজ্রপাতে যেভাবে প্রাণহানি ঘটছে, তালগাছ তা থেকে রক্ষা করতে পারে।’
উপ-উপাচার্য বলেন, ‘আমাদের ক্যাম্পাস সবুজে ঘেরা। তবে কিছু গাছ মরে গেছে তদারকির অভাবে। তালগাছের বীজ বপন পরিবেশ রক্ষায় বড় অবদান রাখবে। বৃক্ষ থাকলে মানুষ বাঁচবে, পৃথিবীও টিকে থাকবে। এ দায়িত্ব আমাদের সবার।’
তিনি আরও বলেন, ‘বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মাহফুজুর রহমান যেভাবে গাছের অনুদান দিয়েছেন, আশা করি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’


