হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৯.৩৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
আটক দুজন হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া ও কর্মী মো. মিজান।
গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। পরে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-০৫৮২ ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীকে আটক করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই দুই কর্মী ফ্লাইট থেকে স্বর্ণের বার বের করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় যৌথ অভিযানে অংশ নেওয়া সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।
তল্লাশির সময় তাদের জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো ৮০টি স্বর্ণবার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯.৩৪ কেজি।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণবার লুকিয়ে আনার ঘটনায় কারা জড়িত, স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।


