সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ-এর কেন্দ্রীয় দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর টাউন হল মিলনায়তনে পণ্ডিত অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সারা দেশ থেকে ৭৭টি সংগঠন অংশগ্রহণ করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে পণ্ডিত অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায় রচিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়, এতে সংগীতগুরু অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সভাপতি এবং পান্নালাল দে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বিকালের দ্বিতীয় অধিবেশনে মাহমুদুল হাসান ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সংগীত অনুষ্ঠান পরিবেশিত হয়।


