রাজধানী ঢাকার আসাদগেটের একটি গির্জা থেকে চুরি হওয়া পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন রোডের ময়লার ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, একটি সাদা পলি ব্যাগে মোড়ানো অবস্থায় চুরি যাওয়া ঘণ্টাটি কে বা কারা ডাস্টবিনে ফেলে যায়। পিতলের ঘণ্টাটির আনুমানিক ওজন ৭০ কেজি।
পুলিশের বরাতে জানা যায়, গত বুধবার রাত ১২টা থেকে ভোর পর্যন্ত কোনো এক সময়ে ৯২ আসাদ এভিনিউ (ওয়াসা ভবনের সামনে) অবস্থিত সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে ঘণ্টাটি চুরি হয়। স্কুলের ভেতরে সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক গির্জার দ্বিতীয় তলার ফাঁকা জায়গায় সেটি রক্ষিত ছিল।

ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে মোহাম্মদপুর থানা পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, অজ্ঞাত কারণে গির্জার সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং অপশন বন্ধ ছিল। কাজেই কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা ধরা পড়েনি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে চুরির ঘটনায় মামলা করা হয় এবং চোরাই মালামাল উদ্ধার ও আসামি গ্রেপ্তারে পুলিশের একাধিক টিমের সমন্বয়ে জোরদার অভিযান শুরু হয়। এমন পরিস্থিতিতে চোরাই মালামাল রেখে গা ঢাকা দিতে বাধ্য হয় অপরাধীরা। এরই ধারাবাহিকতায় ওই ঘণ্টাটি উদ্ধার হয়। পিতলের ঘণ্টাটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।
চুরির পূর্বে সিসিটিভি রেকর্ডিং বন্ধ হওয়ার বিষয়টিে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেইসঙ্গে আশপাশের অন্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তকরণ ও গ্রেপ্তারে অভিযান চলছে।


