ব্যাংক খাতের বর্তমান অবস্থা নিয়ে পরবর্তী বৈঠকে সুস্পষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপনের জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে কমিটির চতুর্থ বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে আগের দ্বিতীয় ও তৃতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং সেসব বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে দেশের আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক খাতের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
উপস্থাপিত বিষয়ের ওপর আলোচনায় কমিটির সদস্যরা অংশ নেন। তারা ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে পরবর্তী বৈঠকে আরও সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, মো. জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, মো. সফিকুর রহমান (কিরন), মো. সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন এবং মো. আবুল হাসনাত অংশ নেন।
এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


