হঠাৎ পায়ে ব্যথা বেড়ে যাওয়ায় আদালতে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। এ কারণে রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর নতুন দিন ধার্য করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জম হোসেন।
এদিন মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। পরীমনির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী শুনানির সময় পেছানোর আবেদন করে জানান, কিছুদিন আগে পরীমনি পায়ে আঘাত পেয়েছিলেন। হঠাৎ ব্যথা বেড়ে যাওয়ার চলাফেরায় সমস্যা হওয়ায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী মোয়াজ্জম হোসেন এই আবেদনের বিরোধিতা করেন। তিনি আদালতে দাবি করেন, পরীমনি কয়েক বছর ধরে আদালতে উপস্থিত না হয়ে বারবার সময় আবেদন করছেন। তাই তার জামিন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার পাশাপাশি আইনজীবীর মাধ্যমে হাজিরা বাতিল করার জন্য আদালতে প্রার্থনা জানান তিনি। তবে আদালত উভয় পক্ষের শুনানি শেষে সময়ের আবেদন মঞ্জুর করে ১৭ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন।
২০২১ সালের ৪ আগস্ট বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় সাবেক এলিট ফোর্স র্যাব। পরে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়। প্রায় এক মাস কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান।
ওই বছরের ৪ অক্টোবর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনি, তার ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হোসেন হাওলাদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০২২ সালের ৫ জানুয়ারি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। পরবর্তীতে উচ্চ আদালতের স্থগিতাদেশ ও নির্দেশনার প্রক্রিয়া শেষে মামলাটির বিচারিক কার্যক্রম পুনরায় চালু হয়।


