হাসিনার জন্মদিন পালন ও নাশকতা: ১৫ আসামি রিমান্ড শেষে কারাগারে

হাসিনার জন্মদিন পালন ও নাশকতা: ১৫ আসামি রিমান্ড শেষে কারাগারে
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরা এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালনে কেক কাটা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার প্রস্তুতির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ১৪ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

শুক্রবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। এর আগে তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন।

গত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত থেকে ১৪ আসামির তিন দিন এবং এক নারী আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন—মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), হৃদয় হাসান (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), মো. আরিফ (২৮), মো. ওমর ফারুক (২১), আব্দুল্লাহ আল আমান (১৯), মো. আব্দুল্লাহ আল নোমান (২১), মো. সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯) ও মো. হাসিব মিয়া (২৩)। অপর নারী আসামি হলেন ফারজানা (২১)।

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিন আদালতে ১১ আসামির পক্ষে আইনজীবী মো. কামাল হোসাইন মেহরাব জামিন আবেদন করলে তা নাকচ করেন আদালত।

আরও পড়ুন

আটক রাখার আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার ব্যাপক তদন্ত চলছে। তথ্য যাচাই করা এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন।

এর আগে, গত সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (বরগুনা- ২) শওকত হাসানুর রহমান রিমনের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সেসময় পুলিশ জানায়, অভিযানের সময় একটি কক্ষের টেবিলের ড্রয়ার থেকে স্বেচ্ছাসেবক লীগের বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন কমিটির পদপ্রত্যাশী ২০ জনের নাম ও জীবনবৃত্তান্ত লেখা ২০ পৃষ্ঠা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা কাগজপত্রে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের লোগো, শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ছিল। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad