বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) শুভসূচনা বজায় রেখে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। শুক্রবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
পুলিশ এফসির হয়ে গোল তিনটি করেছেন মিডফিল্ডার মানিক মোল্লা, ক্যামেরুনের ফরোয়ার্ড জুনিয়র নগং সাম ও উগান্ডার ফরোয়ার্ড শফিক কাগিমু।
ম্যাচের প্রথমার্ধেই ২-০ ব্যবধানের চালকের আসনে বসে পড়ে পুলিশ। ৪৩ মিনিটে মানিক মোল্লার দারুণ গোলে এগিয়ে যাওয়ার মাত্র দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জুনিয়র নগং সাম।
এরপর বিরতি থেকে ফিরে ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন কাগিমু।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে নিজেদের অবস্থান শক্ত করল পুলিশ ফুটবল ক্লাব। অন্যদিকে সমান দুই ম্যাচ খেলে এখনও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি চট্টগ্রাম সিটি এফসি।


