নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিষ্ণুপুরা থেকে কাজহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার কয়েক হাজার বাসিন্দা। সড়ক মেরামতে ১ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ হলেও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সংস্কারকাজ ঝুলে রয়েছে।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাদিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এই সড়কটি সংস্কারের জন্য ১ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। তবে এখনো টেন্ডার শেষ না হওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, কয়েক বছর আগে সড়কটি সংস্কার করা হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে সড়কের বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থানে এক ফুটেরও বেশি গভীর খানাখন্দ তৈরি হওয়ায় নিয়মিত যানবাহন বিকল হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী এবং আদমজী ইপিজেড, কাঁচপুর বিসিক, ওপেক্স সিনহা গার্মেন্টস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজসহ আশপাশের বিভিন্ন তৈরি পোশাক ও শিল্পকারখানার প্রায় ২০ হাজার শ্রমিক যাতায়াত করেন। এ ছাড়া সোনারগাঁয়ের বারদীতে অবস্থিত শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আসা হাজারো ভক্তও এই পথ ব্যবহার করে থাকেন। শাখা সড়ক হওয়ায় এটিই স্থানীয়দের প্রধান যাতায়াতের মাধ্যম। কিন্তু সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে।
সড়কটি দীর্ঘদিনেও টেকসইভাবে নির্মাণ বা প্রশস্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে প্রশস্ত ও মেরামত করা হলে সাদিপুর, সনমান্দী ও বারদী ইউনিয়নের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা এলজিইডি কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।


