৮ম দিনে চুয়েটের আন্দোলন, বহিরাগত বলায় আইডি কার্ড হাতে মিছিল

৮ম দিনে চুয়েটের আন্দোলন, বহিরাগত বলায় আইডি কার্ড হাতে মিছিল
আইডি কার্ড হাতে চুয়েটের শিক্ষার্থীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের অষ্টম দিনে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড হাতে মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলে এক হাতে অধ্যাপক সায়েমের ছবি এবং অন্য হাতে নিজেদের শিক্ষার্থী পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে ধরেন তারা।

মঙ্গলবার দুপুর আড়াইটায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সংলগ্ন সড়ক দিয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে- সায়েম স্যার, সায়েম স্যার’, ‘একটি নাম, একটি সুর- সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিলের মাধ্যমে একদিকে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি জানান, অন্যদিকে নিজেদের চুয়েটের শিক্ষার্থী পরিচয় তুলে ধরেন।

শিক্ষার্থীদের ভাষ্য, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ‘বহিরাগত’ বলা হচ্ছে, এর প্রতিবাদেই তারা নিজেদের পরিচয়পত্র হাতে নিয়ে মিছিলে অংশ নিয়েছেন।  তারা বহিরাগত নন, তারা চুয়েটের শিক্ষার্থী এবং অধ্যাপক সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতেই আন্দোলন করছেন।

মিছিলে অংশ নেওয়া পুরকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মারজুকা চৌধুরী মাহিরা বলেন, ‘আমরা চুয়েটের শিক্ষার্থীরা আজ অষ্টম দিনের মতো শহীদ মিনারে সমবেত হয়েছি। সায়েম স্যারকে ভিসি হিসেবে পুনর্বহালের দাবিতে আজ আমরা মিছিলের আয়োজন করেছি। সরকারের কাছে আমাদের একটাই দাবি, সায়েম স্যারকে আবারও ভিসি হিসেবে পুনর্বহাল করা হোক। যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততদিন আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad