বান্দরবান সদর উপজেলার সুয়ালকে আপন ফুফুর ঘরের বাক্স থেকে ভাতিজির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত ফুফুকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ময়দার মিল নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম তায়িফা সুলতানা (৩)।
শিশুটির বাবা ইলিয়াস খান টিপু জানায়, সোমবার দুপুরের দিকে তায়িফা সুলতানাকে খুঁজে না পেয়ে তিনি ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দেন এবং থানায় জিডি করতে যান। এ সময় পুলিশ বাড়িতে সিসি ক্যামেরা থাকার তথ্য জানতে পেরে তার মোবাইলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফুফু নার্গিস সুলতানা কচি (৪৯) শিশুটিকে ডেকে নিজের শোয়ার ঘরে নিয়ে যাচ্ছেন। এমন দৃশ্য দেখে তার ঘরের আলনার পাশে রাখা একটি বাক্সের ভেতর থেকে উদ্ধার করা হয় তায়িফার মরদেহ।
স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে নার্গিস সুলতানা কচি ছোট ভাইয়ের বাড়িতেই বসবাস করতেন। তবে তাদের মধ্যে কোন দ্বন্দ্ব বা মানসিক দূরত্ব ছিল কি না- এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, ‘আমরা ফুফু নার্গিস সুলতানা কচিকে গ্রেপ্তার করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা কচি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তবে এর কারণ কী, সে বিষয়ে কোন কথা বলেননি।


