বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিল ও গুলিবর্ষণের ঘটনায় সোহেলী তামান্নাকে হত্যাচেষ্টার অভিযোগে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনকে (৫৫) ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাজধানীর ভাটারা থানায় করা মামলায় সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এদিন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুর রহমান ছানোয়ার হোসেনকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে ছানোয়ার হোসেনের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট সকালে ভাটারা থানার ১ থেকে ৮ নম্বর আসামির নেতৃত্বে আওয়ামী লীগের ২০০ থেকে ৩০০ নেতাকর্মী অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান।
এ সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে সোহেলী তামান্না বাঁ হাতের কব্জিতে গুরুতর আঘাত পান। একপর্যায়ে তিনি পিঠেও গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় সোহেলী তামান্না বাদী হয়ে ভাটারা থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
মামলায় ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, তদন্তকালে পাওয়া তথ্য-প্রমাণ ও সাক্ষীদের বক্তব্যে জানা যায়, ঘটনার সময় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী নেতাকর্মীদের উসকানিমূলক বক্তব্য দিয়ে হামলায় সরাসরি মদদ দিয়েছিলেন সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেন।


