কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভে পর্যটকবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক পর্যটক নিহত হয়েছেন। তার নাম হাবিবুর রহমান (৫০)। এ ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার বিকাল ৫টার দিকে মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রেজুখাল ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার গোপদিঘী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে ঢাকার মহাখালী এলাকায় বসবাস করতেন।
আহত ও স্বজনদের বরাতে কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, কিশোরগঞ্জ থেকে আসা ১৪ জনের একটি দল দুপুরে পর্যটকবাহী জিপ নিয়ে মেরিন ড্রাইভে ঘুরতে বের হন। বিকালে ফেরার পথে উখিয়ার রেজুখাল ব্রিজসংলগ্ন এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে জিপটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা সবাই কমবেশি আহত হন।
ওসি বলেন, ‘স্থানীয়দের সহায়তায় আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যদের মধ্যে ছয়জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অপর সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
তিনি আরও জানান, নিহত হাবিবুর রহমানের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


