যশোর বোর্ডে এসএসসি পরীক্ষা/ খাতা মূল্যায়নের ভুলে ২ বছরের শাস্তি পাচ্ছেন ১৬৮৪ পরীক্ষক

খাতা মূল্যায়নের ভুলে ২ বছরের শাস্তি পাচ্ছেন ১৬৮৪ পরীক্ষক
যশোর শিক্ষা বোর্ড। ছবি: ওয়েবসাইট থেকে
Advertisement
Advertisement

এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুলের কারণে যশোর শিক্ষা বোর্ডের এক হাজার ৬৮৪ জন প্রধান পরীক্ষককে দুই বছরের জন্য খাতা দেখা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাদের মূল্যায়নের ভুলে দুই হাজার ৪৩৬ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

পুনর্নিরীক্ষণের পর নতুন করে ফেল থেকে পাস করেছে ৩৮০ জন এবং গ্রেড পরিবর্তন হয়েছে এক হাজার ৩০৪ জনের। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫২ জন শিক্ষার্থী।

বুধবার যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্ভুল ফলাফল প্রকাশের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরীক্ষকদের এ ধরনের গাফিলতি বা ভুল কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। খাতা মূল্যায়নে ভুল করা পরীক্ষকদের আগামী দুই বছর এসএসসি পরীক্ষার খাতা দেখার দায়িত্ব দেওয়া হবে না। শৃঙ্খলা কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি পরীক্ষার মূল ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পরদিন থেকে টানা সাত দিন পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ দেওয়া হয়। এ সময় ৮৮ হাজার ৯৭ জন পাস করা শিক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ৮৬২ জন মোট ৭৪ হাজার ৭১৭টি পত্র পুনর্নিরীক্ষণের আবেদন করে।

এদিকে পুনর্নিরীক্ষণের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, দুই হাজার ৪৩৬ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে মূল ফলাফলে অকৃতকার্য হওয়া ৩৮০ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছে।

এ ছাড়া এক হাজার ৩০৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫২ জন শিক্ষার্থী।

পুনর্নিরীক্ষণের পর বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসার বিষয়টি পর্যালোচনা করে খাতা মূল্যায়নে গাফিলতি ও ভুল করা পরীক্ষকদের শনাক্ত করা হয়। এ প্রক্রিয়ায় এক হাজার ৬৮৪ জন প্রধান পরীক্ষককে তালিকাভুক্ত করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই বছর তারা কোনো পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নের সুযোগ পাবেন না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad