রাস্তায় নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার বিকালে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের পথসভায় বগুড়ার মাটিডালি বিমান মোড়ে সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘বোনেরা রাস্তায় চলার সময় কোনো নিরাপত্তা পান না। স্বরাষ্ট্রমন্ত্রী কি এসবের দায় নেবেন না? নেওয়া উচিত। আমরা মনে করি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’
তিনি বলেন, ‘সালাউদ্দিন সাহেবের নিজের দায়বদ্ধতা ও লজ্জাবোধ থাকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। তিনি নিজেই বলেছেন, তিনিও একজন ভিকটিম ও গণতন্ত্রের আন্দোলনের সঙ্গে ছিলেন।’
লং মার্চের কারণ তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘এই লং মার্চ গণভোটের গণরায়ের দাবিতে। ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ এই রায় দিয়েছিলেন। দুইটি ভোটের একটির ফলাফল তারা চুরি করে সরকার গঠন করেছে। অন্য ভোটের ফলাফলও তারা এখন অস্বীকার করছে। এ জন্য সংবিধান সংশোধন কমিটি করেছে।’
বগুড়াবাসীর উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘আগামী দিনে গণঅভ্যুত্থান ও গণআন্দোলন হবে। আমরা মনে করি, বগুড়া থেকেই দখলবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা আন্দোলন গড়ে তুলবেন। আমাদের আট দফার পক্ষে আপনারা ঐক্যবদ্ধ হন।’
তিনি বলেন, ‘আমরা আপনাদের কথা দিচ্ছি, রাজপথে থাকব, যেমনটা ২৪-এ ছিলাম। আমরা লন্ডন থেকে এসে ক্ষমতায় বসিনি। রাজপথ থেকেই তৈরি হয়েছি, রাজপথেই থাকব। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ক্ষমতায় যাব, ইনশাআল্লাহ।’


