রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার
রাজারবাগ ৩ নং গেইটের বিপরীতে ডিএমপির চেকপোস্টে তল্লাশি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার সকালে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, এরইমধ্যে রাজধানী জুড়ে ২০০টি চেকপোস্ট বসা‌নো হ‌য়ে‌ছে। ঢাকার শান্তিনগর-কাকরাইল ও রাজারবাগ এলাকা ঘুরে দেখা যায়, চেকপোস্টে গুলোর সামনে মোতায়েন আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকেই মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজিসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন তারা।

এর আগে শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান, মগবাজার, মৌচাক ও রামপুরা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় যাত্রাবাড়ীতে এক রিকশাচালক আহত হন।

শাহজাহানপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়। ফ্লাইওভারের ওপর থেকে ওই দুটি ককটেল দুটি ছোড়া হয়।

সন্ধ্যায় মহাখালী ফ্লাইওভার থেকে নিচে একটি ককটেল ছোড়া হয়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের সামনেও বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম।

আরও পড়ুন

রাত সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় পরপর চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। এতে এক রিকশাচালক আহত হন।

এদিকে ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জানিয়েছেন, রাজধানী ঢাকার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর জুমার নামাজের আগে দলটির কয়েকশ নেতা-কর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিল করেন। এ সময় গুলশান ও আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করেন বলে অভিযোগ রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad