ফরিদপুর সদর উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাওন ও হৃদয় নামে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরের দিকে একজন ও রাত দেড়টার দিকে আরেকজনের মৃত্যু হয়। এর আগে সকালের দিকে ফরিদপুর কোতোয়ালি থানার বাঁখুণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার বাসিন্দা, রাজমিস্ত্রি মো. শাওন হোসেন (২৫) ও দিনমজুর হৃদয় শেখ (২১)। তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চর মঙ্গলকোট গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার বাঁখুণ্ডা এলাকায় মো. কাওসার মিয়ার নির্মাণাধীন ভবনের নতুন সেপটিক ট্যাংকের ছাদের বাঁশ খোলার জন্য নামেন শাওন। কিছুক্ষণ পর তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধারের জন্য ট্যাংকের ভেতরে প্রবেশ করেন হৃদয় শেখ। পরে তিনিও অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা অসুস্থ দুই জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর একটার দিকে শাওন মারা যান। এরপর বুধবার রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় শেখের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তারা অসুস্থ হয়ে পড়ে মারা যান।
তিনি বলেন,পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শাওনের মরদেহ বুধবার এবং হৃদয় শেখের মরদেহ বৃহস্পতিবার ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় আলাদা দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।


