৬ দিন পর পল্লবীতে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

৬ দিন পর পল্লবীতে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

৬ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন ঢাকার মিরপুরের পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সজীব (২২)। এই ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে।

নিহত সজীবের মামাতো বোন শারমিন আক্তার জানান, পরিবারের সাথে সজীব থাকত মিরপুরে ৫ নং ওয়াবদা এলাকায়। মিরপুর ১০ এ একটি পোশাক বিক্রির দোকানে কাজ করত সে। বুধবার ভোরে কাইল্লার বস্তির মোড়ে বাইল্লা জুয়েল, জয়সহ ৩-৪ জন তাকে ধরে তার কাছ থেকে ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিতে চায়। তখন তাদের হাত থেকে ছুটে দৌড় দিলে পিছন থেকে পিঠে ছুরিকাঘাত করে তারা। রক্তাক্ত অবস্থায়ই তখন সে সেখান থেকে বাসার কাছে চলে যায়।

খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে গেলে পরবর্তীতে আবার অবস্থার অবনতি হতে থাকে তার। ওইদিন সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সে মারা যায়।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম স্বাধীন জানান, পরিবারের কাছ থেকে জানা গেছে, বুধবার ভোরে কাইল্লার মাঠ নামক এলাকায় কয়েকজন তার পিঠের ডান পাশে ছুরিকাঘাত করে। সেই ঘটনায় চিকিৎসাধীন সে মারা গেছে। তার কাছ থেকে ফোন ছিনতাইয়ের জন্যই এই ঘটনা ঘটিয়েছে বলে পরিবার দাবি করেছে। ঘটনার দিন জয় ও সোমবার সকালে জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর