কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে হত্যা

কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার কেরানীগঞ্জ আরশিনগরে এলাকায় কিশোর গ্যাং পাটালি গ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত ফরহাদ রাজধানীর রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং পাটালি গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে।

পরিবারের সদস্যরা জানান, ফরহাদ মোহাম্মদপুরে মাছ বিক্রি করতেন। তার বাসা আর্শিনগর মেম্বারগলিতে।

ফরহাদের চাচাতো ভাই আক্তার হোসেন জানান, দুপুরে ফরহাদসহ তিনজন একটি সেলুনে যান। ফরহাদ চুল কাটাতে সেলুনে থাকলেও আক্তারসহ অন্য একজন কাজে চলে যান। কিছুক্ষণ পর সেলুনের সামনে গিয়ে ফরহাদকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন আক্তার।

আরও পড়ুন

পরে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আক্তারের অভিযোগ, স্থানীয় সাব্বির, সোহেল, আরমান, কাল্লু, রানা, রমিজসহ আরও কয়েকজন ফরহাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে ফেলে যান। তাদের সঙ্গে ফরহাদের পূর্বশত্রুতা ছিল। বিভিন্ন সময় তারা ফরহাদের কাছে চাঁদা দাবি করতেন।

ফরহাদের বাবার নাম মো. বাবুল হোসেন। তাদের গ্রামের বাড়ি ভোলার দুলারহাট থানা এলাকায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর