অনলাইন ও শোরুমভিত্তিক পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান শপিং জোন বিডির বিরুদ্ধে ৮২ লাখ টাকার বেশি মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকির প্রাথমিক প্রমাণ পেয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীর রোড-২ এর ১২/১/৪ নম্বর ঠিকানায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে আকস্মিক অভিযান চালানো হয়।
অভিযানের সময় ভ্যাট ফাঁকির আলামত পাওয়ার পর অধিকতর যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানের সিপিইউসহ প্রয়োজনীয় নথিপত্র জব্দ করা হয়।
জব্দ করা তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ১০ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৪০০ টাকার বিক্রয় তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এনবিআর। এসব বিক্রয়ের বিপরীতে পরিহার করা ভ্যাটের পরিমাণ ৮২ লাখ ৩ হাজার ৫ টাকা।
এনবিআর জানিয়েছে, জব্দ করা নথিপত্র আরও যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইন অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম নেওয়া হবে।
শপিং জোন বিডি নিজস্ব শোরুমের পাশাপাশি অনলাইনেও পোশাক বিক্রি করে। রাজস্ব ফাঁকি রোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে রাজস্ব কর্তৃপক্ষ।


