মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ পাঁচজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার বিকাল ৫টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।
আরও পড়ুন: ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক ৮
এ সময় মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এসব সিমেন্টের মোট ওজন ৩৭ হাজার ৫০০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় পাঁচজন পাচারকারীকে আটক করা হয় এবং পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটি জব্দ করা হয়।
জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সমুদ্রপথে চোরাচালান প্রতিরোধ এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।


