ফরিদপুরে সওজের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ফরিদপুরে সওজের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ফরিদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফরিদপুর-ভাঙ্গা সড়ক প্রশস্ত করার উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান শুরু হয়। প্রাথমিকভাবে নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা থেকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সওজের আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশে থাকা কাঁচা-পাকা স্থাপনা, দোকানপাট ও হাট-বাজার উচ্ছেদ করা হয়।

অভিযানের শুরুতে মাইকিং করে ব্যবসায়ীদের তাদের প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে ভেকু ও বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়।
অভিযানের সময় কয়েকজন ব্যবসায়ী বাধা দেওয়ার চেষ্টা করলেও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এ সময় শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

জেলা প্রশাসনের এনডিসি শাকিব রহমান আকাশের নেতৃত্বে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বলেন, ফরিদপুর থেকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পর্যন্ত সড়ক প্রশস্ত করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে সড়ক বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে রাস্তা প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এ বিষয়ে আগে থেকেই একাধিকবার মাইকিং করা হয়েছিল।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার বলেন, দীর্ঘদিন ধরে ফরিদপুরের বিভিন্ন মহাসড়কের পাশে অবৈধ দখলদাররা স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বারবার বলা হলেও তারা এসব স্থাপনা সরিয়ে নেননি। সংশ্লিষ্ট প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সড়ক বিভাগের জায়গা থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, সড়ক বিভাগের এসব জায়গা সাধারণ মানুষের চলাচল ও রাস্তা প্রশস্ত করার কাজে প্রয়োজন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অংশ নেওয়া ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আজমির হোসেন বলেন, সম্মিলিত সিদ্ধান্তে সড়ক বিভাগের জায়গা উদ্ধারের অভিযানে পুলিশ অংশ নিয়েছে। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে জন্য পুলিশ কাজ করছে।

অভিযানের সময় র‍্যাব, পুলিশ, এপিবিএন, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে হাসপাতাল চত্বর ও সড়কসংলগ্ন বিভিন্ন স্থানে থাকা অস্থায়ী দোকানপাটসহ সওজের সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এসব অবৈধ দখল ও অস্থায়ী দোকানপাটের কারণে রোগী ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদের ফলে হাসপাতাল ও সড়কসংলগ্ন এলাকায় চলাচল সহজ হওয়ার পাশাপাশি পরিবেশ ও শৃঙ্খলা ফেরানোর সুযোগ তৈরি হয়েছে।

উচ্ছেদ করা এলাকায় পুনরায় অবৈধ দখল বা দোকানপাট স্থাপন ঠেকাতে নিয়মিত মনিটরিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad