জাবির মাঠ সংস্কারে অনিয়মের প্রমাণ, টাকা ফেরতের নির্দেশ

জাবির মাঠ সংস্কারে অনিয়মের প্রমাণ, টাকা ফেরতের নির্দেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলসংলগ্ন খেলার মাঠ সংস্কার প্রকল্পে টেন্ডার প্রক্রিয়া ও অর্থ উত্তোলনে অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রকল্পের কাজে এরইমধ্যে ব্যয় হওয়া অর্থ বিশ্ববিদ্যালয়ের তহবিলে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। একই সঙ্গে নিয়মতান্ত্রিকভাবে পুনরায় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কাজের মূল্যায়ন শেষে বিল পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে সভার সিদ্ধান্তগুলো জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের মাঠ সংস্কার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তিনটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে প্রথমত, মাঠ সংস্কার কাজে ইতোমধ্যে ব্যয় করা অর্থ বিশ্ববিদ্যালয়ের ফান্ডে ফেরত দিতে হবে। দ্বিতীয়ত, পদ্ধতিগত ভুল-ত্রুটি সংশোধন করে যথাযথ নিয়ম অনুসরণ করে পুনরায় টেন্ডার সম্পন্ন করতে হবে। এরপর মূল্যায়ন কমিটির দেওয়া মূল্যায়ন অনুযায়ী কাজের বিল পরিশোধ করা হবে।

এ ছাড়া উল্লিখিত দুই সিদ্ধান্ত বাস্তবায়নের পর মাঠ সংস্কারের কাজ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাহাঙ্গীর নগর
ছবি: সংগৃহীত

এর আগে সাত লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে মাঠটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটিতে লিমিটেড টেন্ডারিং মেথড (এলটিএম) ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা, কাজ শুরুর আগেই সম্পূর্ণ বিল উত্তোলন এবং নিয়মবহির্ভূতভাবে লেকপাড়ের মাটি ব্যবহার করে মাঠ ভরাটের অভিযোগ ওঠে।

এসব অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। কমিটি বিষয়টি পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন প্রশাসনের কাছে জমা দেয়। প্রতিবেদনে অভিযোগগুলোর সত্যতা পাওয়ার পরই প্রকল্পের ব্যয় করা অর্থ ফেরত নেওয়া, পুনরায় নিয়ম মেনে টেন্ডার সম্পন্ন করা এবং পরবর্তী প্রক্রিয়ায় বিল পরিশোধের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর