জাকসুর জব ফেয়ারে ৭০০ চাকরির সুযোগ

জাকসুর জব ফেয়ারে ৭০০ চাকরির সুযোগ
Advertisement
Advertisement

দেশের ২৫টিরও বেশি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানে ৭০০টির বেশি চাকরির সুযোগ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে আয়োজিত এ আয়োজনে শিক্ষার্থীরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি নিজেদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানগুলোর চাহিদা ও শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাণ-আরএফএল, ওয়ালটন, একমি, নেসক্যাফে, পোলার ও ইফাদসহ বিভিন্ন খাতের ২৫টির বেশি প্রতিষ্ঠান ইতোমধ্যে জব ফেয়ারে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এসব প্রতিষ্ঠানে ৭০০টির বেশি পদে নিয়োগের সুযোগ রয়েছে। নির্ধারিত বুথে সিভি জমা দেওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় যাচাই করে নিয়োগের পরবর্তী ধাপ পরিচালনা করবে।

জব ফেয়ারের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার সামিটের আয়োজন করা হয়েছে। এতে ইউনিসেফের রিসোর্স পারসনসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের অভিজ্ঞ প্রতিনিধিরা একাধিক সেশনে অংশ নেবেন। এসব সেশনে সিভি প্রস্তুত, চাকরির সাক্ষাৎকারে নিজেকে যথাযথভাবে উপস্থাপন, করপোরেট চাকরির প্রস্তুতি এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কেও বাস্তবভিত্তিক পরামর্শ দেওয়া হবে।

আয়োজকদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে প্রবেশের পথ সহজ করা এবং দেশের বিভিন্ন শীর্ষ করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরিই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

আরও পড়ুন

আয়োজনের আহ্বায়ক ও জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, প্রয়োজনীয় দক্ষতার ঘাটতির কারণে অনেক শিক্ষার্থী যোগ্যতা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত চাকরির সুযোগ কাজে লাগাতে পারেন না। শিক্ষার্থীদের সেই ঘাটতি কাটিয়ে কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতেই জাকসুর পক্ষ থেকে এ জব ফেয়ার ও ক্যারিয়ার সামিটের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থী থেকে শুরু করে অনার্স ও মাস্টার্স সম্পন্নকারীরা এ আয়োজনে অংশ নিতে পারবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের এইচআর বিভাগের প্রতিনিধিরা সিভি সংগ্রহের পাশাপাশি চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কেও শিক্ষার্থীদের ধারণা দেবেন। কোনো শিক্ষার্থীর যোগ্যতা সংশ্লিষ্ট পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সেখান থেকেই চাকরির সুযোগ দিতে পারে। ক্যারিয়ার সেশনগুলোতে মানসম্মত সিভি তৈরি, ভাইভা ও ইন্টারভিউয়ের প্রস্তুতি এবং করপোরেট পেশাজীবনে সফল হওয়ার প্রয়োজনীয় দক্ষতা নিয়ে অভিজ্ঞরা পরামর্শ দেবেন। শিক্ষার্থীরা এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে এগিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অর্জিত যোগ্যতা ও মেধাকে উপযুক্ত কর্মক্ষেত্রে কাজে লাগানোর সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের করপোরেট জগতের সঙ্গে পরিচিত করা এবং তাদের দক্ষতার যথাযথ মূল্যায়নের ক্ষেত্র তৈরি করতে এ আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, জাকসু চায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের করপোরেট অঙ্গনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের দক্ষতা ও মেধার পরিচয় তুলে ধরুক। শিক্ষার্থীদের অধিকার রক্ষার পাশাপাশি তাদের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রেও জাকসু কাজ করে যাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর