শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃরা হলেন সুমা বড়াল ও জান্নাত। পরে ছয় মাস আগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। বিষয়টি জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাশার।
মামলার তদন্ত কর্মকর্তা আবু সোলায়মান সুমন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এ সময় সুমা বড়ালের পক্ষে আইনজীবী লিটন মিয়া এবং জান্নাতের পক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই নারীর জামিন আবেদন প্রত্যাখ্যান করেন।
পুলিশ জানায়, শনিবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গেলে সুমা বড়াল ও জান্নাত নামের ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাদের ফেব্রুয়ারিতে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার নথি অনুযায়ী, গত ২৭ ফেব্রুয়ারি ভোরে ধানমন্ডির ৩ নম্বর সড়কে নিষিদ্ধ ঘোষিত মহিলা আওয়ামী লীগের কয়েকজন সদস্য মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছেন- এমন তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ যাওয়ার পর কয়েকজনকে আটক করা হলেও অন্যরা সেখান থেকে সরে যান।
এজাহারে অভিযোগ করা হয়, আটক ব্যক্তিরা সরকারবিরোধী প্রচারণা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে সেখানে সমবেত হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।


