বাগেরহাটের ফকিরহাটে বৃষ্টির পানি জমে থাকা গোবরের গর্তে পড়ে রাকিব শেখ নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব শেখ ফকিরহাট সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের রাব্বি শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে শিশু রাকিব সবার অলক্ষে নিজ বাড়ির আঙিনায় বৃষ্টির পানি জমে থাকা একটি গোবরের গর্তে পড়ে যায়।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারিপ উদ্দিন জানান, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। ধারণা করা হচ্ছে, গর্তের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।


