আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা

আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা
উত্তর-পূর্বাঞ্চলের দুটি পয়েন্টে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। ছবি: পাউবো ওয়েবসাইট থেকে নেওয়া
Advertisement
Advertisement

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণের কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট-সুনামগঞ্জ সীমান্তবর্তী দুটি পয়েন্টে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এই দুটি পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উত্তর-পশ্চিমাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা ও বগুড়ার কিছু এলাকা এবং উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার কয়েকটি এলাকার ২১টি পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্তও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য বিভাগেও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad