ডিএনসিসির ৪৫২৮ কোটি টাকার বাজেট ঘোষণা

ডিএনসিসির ৪৫২৮ কোটি টাকার বাজেট ঘোষণা
Advertisement
Advertisement

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৪৫২৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ডিএনসিসির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন সিটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনে প্রশাসক জানান, নগরবাসীর উন্নয়ন, রাজস্ব আদায় ও বাস্তবতার কথা বিবেচনা করে এ বছর বাজেট প্রণয়ন করা হয়েছে। এবারের বাজেটে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা প্রতিরোধ, রাস্তাঘাট সংস্কার, ড্রেন ও ম্যানহোল ব্যবস্থার আধুনিকীকরণ এবং বাসা-বাড়ির বর্জ্য দ্রুত অপসারণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

এ ছাড়া আমিনবাজার ল্যান্ডফিলের সম্প্রসারণ ও আধুনিকীকরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, আধুনিক রোড লাইটিং ব্যবস্থা ও সড়ক নিরাপত্তা জোরদার করা, মার্কেট ও বাজার ব্যবস্থার আধুনিকীকরণ এবং হকারদের জন্য একটি বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের কথা বাজেটে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, বস্তিবাসীদের উন্নয়ন, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল সংস্কার করে যাত্রী কল্যাণমুখী করা, খাল দখলমুক্ত করে পানিপ্রবাহ ধরে রাখা এবং বৃক্ষরোপণ অভিযান জোরদার করার পরিকল্পনাও এই বাজেটে রাখা হয়েছে।

আরও পড়ুন

দায়িত্ব নেওয়ার পর গত চার মাসের কার্যক্রম তুলে ধরে মো. শফিকুল ইসলাম খান বলেন, বাজেট স্বল্পতা কাটিয়ে করপোরেশন রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, জলাবদ্ধতা দূরীকরণ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও আমিনবাজার ল্যান্ডফিলের উন্নয়নসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে প্রশাসক বলেন, ঢাকা নগরীর সকল কার্যক্রম ও সংস্থা সিটি করপোরেশনের আওতাভুক্ত নয়। এর সঙ্গে রাজউক, ওয়াসা ও পিডব্লিউডি জড়িত আছে। সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে জলাবদ্ধতামুক্ত ঢাকা উত্তর সিটি গড়ে তোলার চেষ্টা চলছে। তবে জলাবদ্ধতা ও ডেঙ্গু থেকে রক্ষা পেতে এবং পরিচ্ছন্ন নগরী গড়তে তিনি নগরবাসীকে আরও সচেতন হওয়ার এবং সহযোগিতা করার আহ্বান জানান।

বাজেট ঘোষণা ও প্রেস ব্রিফিংকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী এবং রাজস্ব কর্মকর্তাসহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad