বরগুনায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে সদরের ফুলঢলুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- সদরের ফুলঢলুয়া এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে মো. বিল্লাল (৩২) ও তার স্ত্রী কমলা বেগম (২৮)।
স্বজনরা জানান, রোববার রাতে নিজ ঘরের সামনে অটোরিকশা চার্জে দেন বিল্লাল। সকালে চার্জ হয়েছে কিনা দেখতে গিয়ে রিকশা চার্জ থেকে খুলে আবার চার্জে দেওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন। তার স্ত্রী ও ১৩ বছরের মেয়ে আরিফা তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুতায়িত হন। প্রতিবেশিরা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে বিল্লাল ও কমলাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরিফাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক অপূর্ব চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মেয়েটার অবস্থার অবনতি না হলেও সুস্থ হতে সময় লাগবে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


