বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
সোমবার সকাল ১০টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সবশেষ তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক দাঁড়িয়েছে ২৪৯। বায়ুর এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ার প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত প্রকাশ করে। বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে অবগত করে এই প্রতিষ্ঠান।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী বায়ুমান ২০১-৩০০ হলে তা খুব অস্বাস্থ্যকর বাতাস হিসেবে বিবেচিত হয়।
আইকিউএয়ারের তথ্য মতে, সোমাবার বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে মিশরের রাজধানী কায়রো (বায়ুমান ২৬১)। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর (২৫৬) এবং তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা (২৫২)।
এ সময় ঢাকা শহরের ৯টি এলাকায় বায়ুমান বেশ খারাপ ছিল। এসব এলাকার মধ্যে শীর্ষে আছে এএসএল সিস্টেমস লিমিটেড, বায়ুমান ৩৮৬, ধানমন্ডি (২৭৭), ইস্টার্ন হাউজিং (২৬৩), দক্ষিণ পল্লবী (২৫৬), সাভারের হেমায়েতপুর (২৫০), বেচারাম দেউড়ি (২৪৭), বে’জ এজ ওয়াটার (২২৮), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৯৮) এবং পেয়ারাবাগ রেললাইন (১৭২)।
আইকিউএয়ারেরর সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা ও অন্য শহরগুলোর যে বায়ুমান এর পরিপ্রেক্ষিতে নগরবাসীর জন্য কিছু পরামর্শ দিয়েছে এ প্রতিষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য পরামর্শ হলো শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখা এবং বাইরে বের হওয়া যতটুকু সম্ভব এড়িয়ে চলা।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে। সেগুলো হলো বস্তুকণা, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনো-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোন।


