অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার দেশ ছাড়ছেন বলে জানা গেছে।
সোমবার পৃথক ফ্লাইটে ঢাকা ছাড়বেন তারা। ‘উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না’ প্রেস সচিবের এমন বক্তব্যের পর এই খবর পাওয়া গেল।
সূত্র জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন। পরে সন্ধ্যা পৌনে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
এর আগে রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, উপদেষ্টারা দেশেই আছেন এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠানেও তারা অংশ নেবেন।
নির্বাচনের পরপরই উপদেষ্টাদের দেশ ছাড়ার গুঞ্জন ওঠে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব হঠাৎ করেই শুক্রবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে জার্মানির উদ্দেশে রওনা হন। এরপর তার দেশ ছাড়ার বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসতে থাকে। পরে ফেসবুকে তিনি দাবি করেন, কর্মস্থল থেকে যথাযথভাবে বিদায় নিয়েই তিনি ঢাকা ছেড়েছেন।
উপদেষ্টারাও তার মতো দেশ ছাড়ছেন কি না, বা তারা থাকলে তাদের দায়িত্ব কীভাবে শেষ হবে–সেই প্রশ্ন রাখা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সামনে। জবাবে শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টারা শপথের দিন থাকবেন। তারা ফ্ল্যাগবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন। যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে, আসার সময় তারা ওই গাড়িতে বাসায় যাবেন, কিন্তু তখন আর ফ্ল্যাগ থাকবে না।’
তৈয়্যব কেন দেশ ছেড়েছেন–সেই প্রশ্নে প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারীর বক্তব্যের বাইরে নতুন কিছু যুক্ত করতে চান না বলে জানান শফিকুল আলম।


