জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পঞ্চমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুল উৎসব। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে দেশের খ্যাতিমান সংগীতশিল্পীরা অংশ নিচ্ছেন।
বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আয়োজকদের মতে, উৎসবের প্রথম দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে ‘রবীন্দ্র-পর্ব’ এবং দ্বিতীয় দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে ‘নজরুল-পর্ব’ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত বিভাগের চেয়ারম্যান অনিমা রায় বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাঙালির সংস্কৃতি ও চেতনার দুই উজ্জ্বল নক্ষত্র। নতুন প্রজন্মের কাছে তাদের সাহিত্য ও সংগীতের ঐশ্বর্য পৌঁছে দেওয়া এবং সাংস্কৃতিক মূল্যবোধের চর্চা জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মো. রইস উদ্দিন, তাহমিনা আক্তার, মোহাম্মদ আজম ও সাবিনা শারমিন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ‘নজরুল-পর্ব’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ববি হাজ্জাজের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মোহাম্মদ মোশাররফ হোসেন, শেখ রেজাউদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ।
দুই দিনের এ উৎসবে দেশের বিশিষ্ট শিল্পীরা রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত পরিবেশন করবেন। উৎসবে সভাপতিত্ব করছেন সংগীত বিভাগের চেয়ারম্যান অনিমা রায়।


