অন্তর্বর্তী সরকারের সময়ে প্রবর্তিত পুলিশের পোশাক বাতিল করে আবারও আগের আদলে ফেরার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকল মেট্রোপলিটন পুলিশের জন্য লোহার রঙের পরিবর্তে হালকা জলপাই শার্ট এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ব্যতীত অন্যান্য সকল ইউনিটের জন্য গাঢ় নীল রঙের শার্ট নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে উভয় ক্ষেত্রে প্যান্টের রং হবে খাকি টুইল। গত ১৫ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এই পরিবর্তনের কথা জানানো হয়, যা সোমবার জনসম্মুখে এসেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের পুলিশ ড্রেস রুলে যে পরিবর্তনগুলো আনা হয়েছিল, তা সংশোধন বা সংযোজন করে দ্রুত প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন।
পুলিশের মহাপরিদর্শকের পক্ষে লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এই চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহা রঙের শার্ট এবং কফি রঙের প্যান্টের যে পোশাকটি চালু করা হয়েছিল, তা নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দিয়েছিল।
বাহিনীর ভেতর ও বাইরে এই পোশাক নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যালোচনা করে নতুন এই নমুনা চূড়ান্ত করেন।
পোশাক পরিবর্তনের এই প্রক্রিয়ায় সরকারের বাড়তি কোনো আর্থিক ব্যয়ের প্রয়োজন হবে না। কারণ, পুলিশ সদস্যদের প্রাপ্যতার ভিত্তিতেই পর্যায়ক্রমে এই ইউনিফর্ম সরবরাহ করা হবে। বর্তমানে শুধুমাত্র পুলিশ ড্রেস রুল-২০২৫-এ প্রয়োজনীয় সংশোধন এনে সরকারি প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।


